পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে ভারতের সুর নরম।

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে ভারতের সুর নরম।

 

আগামী বছর পাকিস্তানে আইসিসির মেজর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ইতোমধ্যে পাকিস্তান সফরে অস্বীকৃতি জানিয়েছে।


২০২৩ এশিয়া কাপে ভারত পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ায় টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বদলে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে হাইব্রিড মডেল নিয়ে আপত্তি তুলেছে পাকিস্তান। পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারী দলগুলোও হাইব্রিড মডেলে খেলতে নারাজ, কারণ এতে ভারত বাদে বাকি দলগুলোকে অতিরিক্ত যাত্রা করতে হয়, যা ক্রিকেটারদের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। এ কারণে অন্যান্য দেশগুলো কোন একক দলকে অতিরিক্ত সুবিধা দিতে রাজি নয়, যা ভারতের জন্য কিছুটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।


তবে ভারত শেষ পর্যন্ত পাকিস্তান সফর বিষয়ে তাদের মনোভাব কিছুটা নরম করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বিসিসিআই সচিব জয় শাহ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ‘আমরা এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্তে আসিনি। সময় ও পরিস্থিতি অনুযায়ী আমরা দল পাঠানোর বিষয়ে চিন্তা করতে পারি।’


যদি ভারত শেষ পর্যন্ত পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসি ও আয়োজক দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। আইসিসির বেশিরভাগ স্পন্সর ভারতীয় প্রতিষ্ঠান হওয়ায় আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। যদিও ভারত সফরে রাজি না হলে হাইব্রিড মডেল আবারো ব্যবহারের কথা ভাবা হচ্ছে এবং আইসিসি এর জন্য একটি বিকল্প বাজেটও প্রস্তুত করে রেখেছে।







Post a Comment

নবীনতর পূর্বতন